জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করার অপচেষ্টার নিন্দা উমামা ফাতেমার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করার অপচেষ্টার তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে অভ্যুত্থানের তুলনা টানার ঘটনাকে ‘অপমানজনক চেষ্টা’ বলে অভিহিত করে বলেন, এটি উভয় ঐতিহাসিক ঘটনার তাৎপর্যকে খাটো করার লক্ষ্যে করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেন উমামা ফাতেমা।
তিনি বলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম আর ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন হয়। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক শেয়ার করা একটি ছবি উল্লেখ করে তীব্র নিন্দা জানান উমামা ফাতেমা। তিনি বলেন, ‘এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে ছাত্রশিবির।’
গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উমামা ফাতেমা এবং পরে সংগঠনটির মুখপাত্র হন তিনি। গত মাসে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে