মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব এড মিলিব্যান্ড জানান, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিও হুতে হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সো ও এবং কিয়াও স্বার ও। একই সঙ্গে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করেছে লন্ডন।
মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালের গণহত্যার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা এই সামরিক নেতা সংঘটিত বহু নৃশংসতার জন্য সরাসরি দায়ী।
ব্রিটিশ পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মিলিব্যান্ড বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে লড়াইবিরতি, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ প্রয়োজন।
তিনি জানান, মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ ঠেকাতে নতুন আইন পাস করবে যুক্তরাজ্য। এ বিষয়ে চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করা হবে বলেও এমপিদের জানান তিনি।
এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, নতুন দফার প্রত্যাবাসনে ৬ হাজার ৫০০-এর বেশি অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছিল।
মতামত দিন