মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মানবপাচারের অভিযোগে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। প্রতিষ্ঠানটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’। ঢাকার বনানীভিত্তিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পদ জব্দসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক ঘোষণায় এ তথ্য জানায়। একই দিনে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিবাসী শোষণ ও মানবপাচারের সঙ্গে জড়িত নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
নিষেধাজ্ঞার নোটিশে বলা হয়, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে মানবপাচার সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার ‘যৌক্তিক সন্দেহ’ রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়োগ দিত বলে অভিযোগ করা হয়েছে।
যুক্তরাজ্যের দাবি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়ার পর ওই ব্যক্তিদের শোষণের মুখে ফেলা হয় এবং পরবর্তীতে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিতে বাধ্য করা হয়।
ব্রিটিশ সরকারের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় বিভিন্ন দেশের মোট ১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশের এই ট্রাভেল এজেন্সিটিও রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে