Views Bangladesh Logo

তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করে।

শুভেচ্ছা বার্তায় স্টারমার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে স্টারমার জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। এই চিঠির মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের নতুন অধ্যায় শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ