বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করেছে যুক্তরাজ্য
জনগণ যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেজন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে এ কথা জানায় ব্রিটেন। সংলাপের পরপরই ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, এই সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যুসহ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে।
গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনায়, যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করেছে যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে।
এতে লেখা হয়েছে: "যুক্তরাজ্য এবং বাংলাদেশ একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছে। যা জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় বৈশ্বিক এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যায়।"
এছাড়াও যুক্তরাজ্য- বাংলাদেশ অভিবাসন, প্রত্যাবর্তন এবং ন্যায়বিচার ও সমতা বিষয়ক একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। উভয় দেশ অক্টোবরের মধ্যে এই ওয়ার্কিং গ্রুপের প্রথম অধিবেশনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগে রিটার্ন ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং টাইমস্কেল পরিচালনাকারী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলি সমাপ্ত করতে সম্মত হয়েছে তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে