আদালতে নিষিদ্ধ মেটার স্মার্ট চশমা, গোপন রেকর্ডিং নিয়ে উদ্বেগ
নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ইংল্যান্ড ও ওয়েলসের সব আদালত ভবনে মেটার ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিষিদ্ধ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আদালতে প্রবেশের সময় কারও কাছে এ ধরনের চশমা থাকলে নিরাপত্তাকর্মীরা সেটি সাময়িকভাবে জব্দ করবেন এবং আদালত থেকে বের হওয়ার সময় মালিককে ফেরত দেওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আদালত পরিচালনাকারী সংস্থা হিজ ম্যাজেস্টিস কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস সার্ভিস বিদ্যমান আইনি বিধিনিষেধের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির ভাষ্য, আদালতের ভেতরে ছবি তোলা বা ভিডিও ধারণ আইনত সীমিত; তাই ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার ব্যবহার অনুমোদন দেওয়া হচ্ছে না।
কেন বাড়ছে উদ্বেগ?
মেটার স্মার্ট চশমা দেখতে সাধারণ চশমার মতো হলেও এতে বিল্ট-ইন ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে। ব্যবহারকারী ভয়েস কমান্ডে ছবি বা ভিডিও ধারণ করতে পারেন। যদিও রেকর্ডিংয়ের সময় একটি ছোট এলইডি আলো জ্বলে ওঠে, তবুও অনেকের আশঙ্কা—এটি গোপনে তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি করতে পারে।
আদালতের মতো সংবেদনশীল পরিবেশে সাক্ষ্য, ব্যক্তিগত তথ্য ও বিচারিক কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।
স্মার্টফোন থাকলেও চশমায় নিষেধাজ্ঞা কেন?
আদালতে নির্দিষ্ট শর্তে স্মার্টফোন নিয়ে প্রবেশ করা গেলেও স্মার্ট চশমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম রাখা হয়নি। কারণ স্মার্টফোন দিয়ে রেকর্ডিং তুলনামূলকভাবে সহজে বোঝা গেলেও, চশমা দিয়ে কখন ধারণ করা হচ্ছে তা আশপাশের মানুষের পক্ষে সবসময় স্পষ্ট নয়।
মতামত দিন