Views Bangladesh Logo

রোহিঙ্গাদের ৪২ কোটি টাকার অতিরিক্ত তহবিল দেবে যুক্তরাজ্য

 VB  Desk

ভিবি ডেস্ক

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত ৩০ লাখ পাউন্ড বা ৪২ কোটি টাকার নতুন তহবিল দেবে যুক্তরাজ্য।  যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন এ ঘোষণা দিয়েছেন। 

  নতুন অর্থায়ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিজের (ইউএনএইচসিআর) মাধ্যমে পরিচালিত হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।    বর্তমানে বাংলাদেশে সফররত বার্টন বলেন, "আমি ইউএনএইচসিআরকে আরও ৩০ লাখ পাউন্ড যুক্তরাজ্যের পক্ষ থেকে  ঘোষণা করতে পেরে আনন্দিত। এটি কক্সবাজার এবং ভাসানচরের উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি,  স্যানিটেশন পরিষেবা এবং রান্নার জ্বালানি নিশ্চিত করতে সহায়তা করবে।"   

যুক্তরাজ্য রোহিঙ্গাদের এবং এই সংকটে ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'ছয় বছর আগে ২০১৭ সালে নৃশংস আক্রমণের ফলে বাংলাদেশে আসতে বাধ্য হয়   রোহিঙ্গারা। এই সংকটে বাংলাদেশে শরণার্থী   রোহিঙ্গা এবং  ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। এছাড়াও পরিস্থিতি যতোদিন স্বাভাবিক না হয়,  শরণার্থীরা নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে  মিয়ানমারে ফিরে যেতে না পারে ততোদিন যুক্তরাজ্য সংকট মোকাবিলায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'  

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করতে বাংলাদেশকে ৩৬৫ মিলিয়ন পাউন্ড বা ৫ হাজার কোটি টাকার বেশি প্রদান করেছে।  স্যার ফিলিপ বার্টন পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। হাইকমিশন বলেছে, "যুক্তরাজ্য এবং বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে, কৌশলগত সংলাপের মাধ্যমে আধুনিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তামূলক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য দুই দেশ অঙ্গীকারবদ্ধ।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ