চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে
নাটকীয়তা আর উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত হলো ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চার। ৩৬ দলের দীর্ঘ লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র চারটি দল। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হওয়ার পরপরই নিশ্চিত হয়েছে সেমিফাইনালের লাইনআপ।
অ্যালিয়ানজ অ্যারেনায় গত রাতে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে উঠতে হলে রিয়ালের সামনে সমীকরণ ছিল অন্তত ২ গোলের ব্যবধানে জয়। তবে ঘরের মাঠে বায়ার্ন ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে দেয়। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালের টিকিট কাটে বাভারিয়ানরা। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পারি সাঁ-জের্মাঁ (পিএসজি)।
একই রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও স্পোর্তিং সিপি। ঘরের মাঠে গানার্সরা গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের ১-০ জয়ের সুবাদে সেমিফাইনালে উঠে যায় আর্সেনাল। তাদের লড়তে হবে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
উয়েফার সূচি অনুযায়ী সেমিফাইনালের ম্যাচগুলো হবে দুই লেগে:
প্রথম লেগ — ২৮ এপ্রিল: পিএসজি বনাম বায়ার্ন; ২৯ এপ্রিল: অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনাল।
দ্বিতীয় লেগ — ৫ মে: আর্সেনাল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ; ৬ মে: বায়ার্ন বনাম পিএসজি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে