Views Bangladesh Logo

ফিফা বয়কটের হুমকি প্রত্যাহার করছে উয়েফা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফার বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া বিরোধের অবসান ঘটতে যাচ্ছে। ফিফার পক্ষ থেকে ওই পরিকল্পনা আর ফিরিয়ে আনা হবে না—এমন আশ্বাস পাওয়ার পর সংস্থাটির প্রতিযোগিতা বয়কটের হুমকি থেকে সরে আসছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এপিকে জানায়, বৃহস্পতিবার মোনাকোতে উয়েফার ৫৫টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকের এজেন্ডা গোপন থাকায় সূত্রটি নাম প্রকাশ করেনি।

বয়কটের সম্ভাবনা কেটে যাওয়ায় আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে ইউরোপের ছয় দলের অংশগ্রহণও নিশ্চিত হওয়ার পথ পরিষ্কার হয়েছে। টুর্নামেন্টে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও স্বাগতিক পোল্যান্ড অংশ নেবে।

বিরোধের সূত্রপাত গত মাসে। ব্রিটিশ সংবাদপত্র টাইমসের প্রতিবেদনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বড় বিনিয়োগ পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে। পরিকল্পনাটি ছিল বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি নতুন প্রতিষ্ঠান গঠন।

প্রস্তাবিত প্রতিষ্ঠানে একদল বিনিয়োগকারীর ২০ শতাংশ মালিকানা থাকার কথা ছিল। নিউইয়র্কভিত্তিক একটি তহবিলের নেতৃত্বে থাকা জোশুয়া কুশনারের নামও এ পরিকল্পনার সঙ্গে উঠে আসে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের প্রত্যেককে ২ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাব ছিল। তবে ইউরোপীয় ফুটবলের নেতারা এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও এর বিরোধিতায় অবস্থান নেয়।

চাপের মুখে ইনফান্তিনো মাত্র চার দিনের মধ্যে প্রস্তাবটি প্রত্যাহার করে নেন। এরপর উয়েফা নিশ্চিত হতে চায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে পরিচিত উদ্যোগটি ভবিষ্যতে অন্য কোনো কাঠামো বা রূপে ফিরিয়ে আনা হবে না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখন সেই নিশ্চয়তা পেয়েছে উয়েফা।

শুধু বিনিয়োগ পরিকল্পনা নয়, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও ইউরোপীয় ফুটবল কর্তাদের সঙ্গে ফিফার টানাপোড়েন তৈরি হয়েছে। গত ১ আগস্ট উয়েফা জানায়, ফিফা সভাপতির নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরুদ্ধেও এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয়।

বিনিয়োগ পরিকল্পনা প্রকাশের আগে ধারণা করা হচ্ছিল, ২০৩১ সাল পর্যন্ত চতুর্থ ও শেষ মেয়াদের জন্য ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। এখন সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে।

ফিফা অবশ্য উয়েফার বয়কটের অবস্থান থেকে সরে আসার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, কঠিন পরিস্থিতিতেও ফুটবলের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষমতার ওপর তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সব দল ও খেলোয়াড়কে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে ফিফা।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের পর ইউরোপে ফিফার পরবর্তী বড় প্রতিযোগিতা হবে ২০২৭ নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ। এটি ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ