ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬: চ্যাম্পিয়ন ইউসিবি, রানার্সআপ সিটি ব্যাংক
দেশের ব্যাংকারদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল) আয়োজিত ‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি পিএলসি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। অন্যদিকে, ফাইনালে রানার্সআপ হয় সিটি ব্যাংক পিএলসি। দলটি দুই লাখ টাকা প্রাইজমানি ও রানার্সআপ ট্রফি লাভ করে। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি টুর্নামেন্টের ‘প্লেট চ্যাম্পিয়ন’ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি মো. রাশেদ আখতার তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগীতা নয়; এটি দেশের ব্যাংকারদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি অন্যতম প্ল্যাটফর্ম।
সংগঠনটির সাধারণ সম্পাদক রশীদ-উন-নবী বলেন, সকল অংশগ্রহণকারী ব্যাংক, স্পন্সর, অতিথি ও আয়োজকদের আন্তরিক সহযোগিতার কারণেই সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।
গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, ব্যাংকার্স ক্লাবের সদস্য, খেলোয়াড়, টিম ম্যানেজার এবং ব্যাংক কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট এবং প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে গ্রুপ ফটোসেশন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ‘বিসিবিএল ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত দিন