বাংলাদেশকে ধন্যবাদ ইউএই প্রেসিডেন্টের, ঢাকা সফরে আগ্রহ
ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে ইউএই প্রেসিডেন্ট হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ বাংলাদেশ ও ইউএইর মধ্যে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেছেন ইউএই প্রেসিডেন্ট। তাঁর আশা, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করবে।
মতামত দিন