নারী এশিয়া কাপের ভেন্যু হতে পারে আরব আমিরাত, সূচি প্রকাশের অপেক্ষায় এসিসি
২০২৬ নারী এশিয়া কাপ টি–টোয়েন্টি আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও এখনো আনুষ্ঠানিক সূচি, ভেন্যু ও সময়সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের এই আসর অনুষ্ঠিত হতে পারে। সূচি ও ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে এখন শুধু এসিসি নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন। এবারের আসরে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের। যদিও আনুষ্ঠানিক সূচি প্রকাশ হয়নি, এসিসি অংশগ্রহণকারী দেশগুলোকে সম্ভাব্য তারিখ অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যেতে বলেছে।
জানা গেছে, গত ২২ জুলাই অংশগ্রহণকারী আট দেশের কাছে টুর্নামেন্টের লোগোসহ একটি ই-মেইল পাঠানো হয়। একই সঙ্গে দলগুলোকে ২৭ আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর প্রস্তুতি রাখতে বলা হয়েছে। তবে ভ্রমণ পরিকল্পনা, আবাসন এবং অন্যান্য লজিস্টিক কার্যক্রম চূড়ান্ত করতে এখনো পূর্ণাঙ্গ সূচির অপেক্ষায় রয়েছে অংশগ্রহণকারী বোর্ডগুলো। এরই মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। কারণ, এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি।
সবশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপও টি–টোয়েন্টি সংস্করণে হয়েছিল। সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে, ২০১৮ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেটিও ছিল টি–টোয়েন্টি সংস্করণের আসর।
এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে এটি হবে নারী এশিয়া কাপের ষষ্ঠ টি–টোয়েন্টি সংস্করণ। এখন পর্যন্ত ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে মোট নয়বার আয়োজন হয়েছে এই প্রতিযোগিতা। এর মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর একবার করে শিরোপা জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটিই টি–টোয়েন্টি সংস্করণে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।
মতামত দিন