প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) সাইডলাইনে হওয়া এক সাক্ষাতে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
এসময় আমিরাতের মন্ত্রী শীর্ষ সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি সমাবেশকে উন্নত করেছে। আমরা আপনার মত মানুষের কাছ থেকে শিখি। তিনি বলেন, ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে।
দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান মন্ত্রী। তিনি আশা করেন, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশই আগামী বছরে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।
অধ্যাপক ইউনূস আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতির প্রশংসা করেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে দেশটির সফল কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দেয়ায় তিনি সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকি এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে