সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ যুব ফুটবল দল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এই ঐতিহাসিক সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি খেলোয়াড়দের এই অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই সহযোগিতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে।
শুক্রবার (৩ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের যুব ফুটবলাররা যে অদম্য মনোভাব ও নৈপুণ্য দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের বিষয়। তাঁর মতে, ভারতের বিপক্ষে এই শিরোপা জয় দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের আশা জাগিয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে কাজ করছে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে