১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা
দেশে টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালে সফলভাবে জাতীয় টিসিভি ক্যাম্পেইন সম্পন্ন হওয়ার পর জাতীয় টিকাদান প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির সুপারিশ এবং আন্তঃসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সিদ্ধান্তের ভিত্তিতে এই ভ্যাকসিন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ মাস বয়সী সকল শিশুকে টিসিভির একটি ডোজ দেওয়া হবে। এই টিকা একই সেশনে এমআর-২ (হাম-রুবেলা) টিকার সাথে দেওয়া যাবে।
টিকা নেওয়ার পর শিশুদের তথ্য 'Vax: EPI' অ্যাপে নিবন্ধন করতে হবে, টিকাকার্ড ডাউনলোড করতে হবে এবং 'Smart Health BD/e-Tracker' অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করতে হবে।
এ ছাড়া টিকাদান কার্যক্রমের পাশাপাশি শিশুদের জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে উপজেলা পর্যায়ে সমন্বয় সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন