পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ রাফি মনি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি মনি ওই এলাকার মিজানুর রহমানের সন্তান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাফি মনি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাফি মনিকে মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলিম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন