Views Bangladesh Logo

দুই মাসের জন্য পদ্মা-মেঘনায় মাছ শিকার বন্ধ

ইলিশ পোনাসহ (জাটকা) সব ধরনের মাছ রক্ষার জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদী এলাকায় দুই মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা মার্চ–এপ্রিল পর্যন্ত চলবে।

নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯,১০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হবে। জেলারা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী এই দুই মাস নিয়মিত অভিযান চালাবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, জাটকা রক্ষায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অভিযান চলাকালীন নদীতে নামলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ