দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল
সকালের মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক মোড়, হালিশহর ও ঈদগাহসহ নগরীর প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর ফলে স্কুলগামী শিক্ষার্থী, অফিসযাত্রী ও শ্রমজীবী মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় পানি জমে যায়। সড়কে যানজটের পাশাপাশি অনেক স্থানে বাস ও সিএনজি চলাচল বন্ধ হয়ে পড়ে। এই সুযোগে রিকশাচালকরা কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
নাজমুল নামে এক ভুক্তভোগী চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটা যাচ্ছে না। এই সুযোগে রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। ৩০ টাকার ভাড়া এখন ৫০ থেকে ৬০ টাকা গুনতে হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে