Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল পড়ে দুই যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে মোটরসাইকেল পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, কানসাট এলাকায় ট্রাকে শ্রমিকের কাজ শেষে ভোরে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন হাবিবুর ও আবুল হায়াত। পথে মুসলিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নির্মাণাধীন কালভার্টের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ