Views Bangladesh Logo

দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগার থেকে পালানো ৩৪৫ বন্দি

শেরপুর জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও পালিয়ে যাওয়া ৩৪৫ বন্দির এখনো কোনো খোঁজ মেলেনি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন কারাগার ভেঙে মোট ৫১৮ বন্দি পালিয়ে যায়। একই দিনে লুট হওয়া এক হাজার ১৪৩ রাউন্ড গুলিও এখনো উদ্ধার হয়নি।

জেলা কারাগার ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৪টার দিকে সরকার পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর শেরপুর জেলা কারাগারে ভয়াবহ হামলা চালানো হয়। পৌর শহরের কালীগঞ্জ মোড়ে অবস্থিত কারাগারটিতে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েক হাজার দুর্বৃত্ত হামলা করে।

হামলার শুরুতে কারারক্ষী ও কর্মকর্তাদের ওপর আক্রমণ চালানো হলে তারা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর হামলাকারীরা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বন্দিদের ওয়ার্ড খুলে দেয়। এতে ৫১৮ বন্দি পালিয়ে যায়।

পরে দুর্বৃত্তরা কারাগারের বিভিন্ন ওয়ার্ড, গুরুত্বপূর্ণ নথি, স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ করে এবং লুটপাট চালায়। তারা নয়টি আগ্নেয়াস্ত্র, এক হাজার ১৭৫ রাউন্ড গুলি, যার মধ্যে ৮৬৪ রাউন্ড চাইনিজ রাইফেলের এবং ৩৩৬ রাউন্ড শটগানের গুলি, পাশাপাশি নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ জনসহ ১৭৩ পলাতক বন্দিকে গ্রেপ্তার করে। লুট হওয়া নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এক হাজার ১৭৫ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩২ রাউন্ড উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে এক হাজার ১৪৩ রাউন্ড গুলি।

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও মানবাধিকারকর্মী আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, পলাতকদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সমাজে অস্থিরতা ও আতঙ্ক কাটবে না।

জেলার মো. আব্দুস সেলিম বলেন, গ্রেপ্তার হওয়া ১৭৩ পলাতক বন্দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৭০ থেকে ৮০ জনসহ মোট ৩৪৫ বন্দি পলাতক রয়েছেন।

শেরপুর কারাগারের তত্ত্বাবধায়ক শাহ রফিকুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া সব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে লুট হওয়া এক হাজার ১৭৫ রাউন্ড গুলির মধ্যে মাত্র ৩২ রাউন্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো এক হাজার ১৪৩ রাউন্ড গুলি নিখোঁজ।

শেরপুরের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের জানান, জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৭৩ জনকে গ্রেপ্তার এবং নয়টি অস্ত্র ও কিছু গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি গুলি উদ্ধার এবং অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ