Views Bangladesh Logo

দুই বছরেও উদ্ধার হয়নি বগুড়া সদর থানার লুট হওয়া ২২ অস্ত্র

জুলাই গণঅভ্যুত্থানের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো ২২টির কোনো সন্ধান মেলেনি। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এসব অস্ত্র অপরাধীদের হাতে থেকে বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। তিনি জানান, লুট হওয়া ৩৯টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ১৭টি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ২২টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বগুড়া শহরে ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ মানুষও যুক্ত হন। এ সময় একদল দুর্বৃত্ত সদর থানা, সদর ভূমি অফিস, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

একপর্যায়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত বগুড়া সদর থানায় হামলা হয়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা থানা ত্যাগ করলে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় থানার অস্ত্রাগার থেকে ৫টি পিস্তল, ১২টি রাইফেল, ৫টি এসএমজি ও এলএমজি এবং ১৭টি শটগানসহ মোট ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়।

সচেতন মহলের মতে, দীর্ঘ সময় পার হলেও অধিকাংশ অস্ত্র উদ্ধার না হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ। বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, লুট হওয়া বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা উদ্বেগের বিষয়। এসব অস্ত্র ব্যবহার করে অপরাধীরা যেকোনো সময় বড় ধরনের অপরাধ ঘটাতে পারে। তাই দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করতে জেলা পুলিশের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ