বান্দরবান হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলী মাতব্বরের ছেলে মোহাম্মদ কামরুল হাসান (৩৫) ও উত্তর চরমঙ্গল এলাকার হজরত আলীর ছেলে মো. সাকিব (২২)। আর এ ঘটনায় জ্ঞান হারানো শ্রমিকের নাম মঈন উদ্দিন। তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক মোহাম্মদ সালামত উল্লাহ ও মো. তুহীনের বরাত দিয়ে জানা গেছে, মাচার ওপর দাঁড়িয়ে হাসপাতাল ভবনের নিচের ছাদে পলেস্তারার কাজ করছিলেন কামরুল ও সাকিব। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে পলেস্তারার উপকরণ ওপরে তোলা হচ্ছিল। একপর্যায়ে পাত্রটি বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে বিদ্যুতায়িত পাত্রটিও তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী বলেন, দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মৃত্যুর ঘটনাটি কাছ থেকে দেখে সহকর্মী মঈন উদ্দিন সংজ্ঞা হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায়।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।

মতামত দিন