লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ওই এলাকার 'এনবিসি ব্রিকস' (স্থানীয়ভাবে আকবর কোম্পানি নামে পরিচিত) ভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জের সেলিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজের ফাঁকে বিশ্রাম নিতে টিনের তৈরি একটি ঘরে যান দুই শ্রমিক। এ সময় ঘরটি কোনো কারণে বিদ্যুতায়িত হলে তারাও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুই শ্রমিকের মরদেহ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভাটায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে