আশুলিয়ায় সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে হাসপাতালে দুই শ্রমিক, পুলিশের অস্বীকার
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকেরা হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আহত দুই শ্রমিকের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। তবে শিল্প পুলিশের দাবি, তারা কোনো রাবার বুলেট ছোড়েনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, দুজন পোশাকশ্রমিক মাথা ও শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁদের দুজনের শরীরেই রাবার বুলেটের আঘাত ছিল।
তিনি আরও বলেন, রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিক অসন্তোষের জেরে গতকাল ৯ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়।
তিনি বলেন, মঙ্গলবার সকালে শ্রমিকেরা নিউএজ গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ করলে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মিন্টু আরও বলেন, কয়েকজন শ্রমিক তাঁকে জানিয়েছেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলেও তাঁরা দাবি করেছেন।
তবে শিল্প পুলিশের দাবি, শ্রমিকদের লক্ষ্য করে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনো গুলি বা রাবার বুলেট ছোড়া হয়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে জামগড়া এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, জামগড়ার পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে জিরাবো এলাকায় শ্রমিকেরা একত্রিত হচ্ছেন।
রাবার বুলেটের আঘাতে দুই শ্রমিকের হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তাঁরা কোনো রাবার বুলেট ব্যবহার করেননি। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার। এ ধরনের অস্ত্র শিল্প পুলিশের কাছে নেই।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুজন শ্রমিক আহত হওয়ার বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে তাঁরা ইট বা অন্য কোনো বস্তুর আঘাতে আহত হয়ে থাকতে পারেন। পুলিশের পক্ষ থেকে কোনো রাবার বুলেট ছোড়া হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
মতামত দিন