কুমিল্লায় পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ২ শ্রমিকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজন মারা গেছেন। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
চৌদ্দগ্রাম ইউএনও মো. নুরুল আমিন জানান, ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে একজন এবং শুক্রবার দুপুরে অন্যজন মারা যান।
নিহতরা হলেন উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের বয়লার অপারেটর একরাম হোসেন (৩৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ির বাসিন্দা নিরাপত্তাকর্মী সাহাদৎ হোসেন (৫০)। একই ঘটনায় আহত ওয়েল্ডার রবিউল হোসেন এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা একরামুল হক জানান, বুধবার সকাল ৮টার দিকে আমীর শার্টস লিমিটেডে বিদ্যুতের প্রধান সুইচ চালু করার সময় শর্ট সার্কিটে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে তিন শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
একরামুল হক জানান, বিজিএমইএর নিয়ম অনুযায়ী হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্বসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ইউএনও নুরুল আমিনও হতাহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহন করতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে