শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচার, কুমিল্লায় পুলিশের জালে দুই নারী
কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মোট ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক দুই নারী শরীরের সঙ্গে বিশেষ কৌশলে স্কচ টেপ দিয়ে গাঁজা পেঁচিয়ে (বডি ফিটিং) বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল বারেক ও সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা অভিমুখী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।
অভিযানকালে পাপিয়া ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আঞ্জু বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কৈখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ব্যাংকের মাঠ বস্তি এলাকায় বসবাস করেন। তল্লাশির সময় তার শরীরের সঙ্গে স্কচ টেপ দিয়ে বিশেষভাবে পেঁচিয়ে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর একই এলাকায় পাপিয়া ট্রান্সপোর্টের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে মৌসুমী (৩৪) নামে অপর এক নারীকে আটক করা হয়। তিনি ঢাকার দারুস সালাম থানাধীন কোর্টবাড়ী বড়বাজার এলাকার বাসিন্দা। তার শরীরের সঙ্গে একই কৌশলে পেঁচিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক দুই নারী দীর্ঘদিন ধরে শরীরের সঙ্গে মাদক বেঁধে দেশের বিভিন্ন এলাকায় পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির শিকদার জানান, মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পৃথক দুটি বাস থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার এবং দুই নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক পরিবহন, পাচার ও কারবারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মহাসড়ককে মাদকমুক্ত রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হবে।
মতামত দিন