হিন্দু ধর্মাবলম্বীর ছদ্মবেশে মন্দিরে চুরির চেষ্টা, গণপিটুনির পর আটক দুই নারী
মানিকগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীর ছদ্মবেশে মন্দিরে প্রবেশ করে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে মন্দির এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের আটক করে দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া এলাকার মিনা আক্তার (১৯)।
অভিযোগ রয়েছে, তারা শাঁখা-সিঁদুর পরে হিন্দু ধর্মাবলম্বী পরিচয়ে মন্দিরে প্রবেশ করেন। পরে প্রসাদ গ্রহণের সময় এক নারী ভক্তের গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর উপস্থিত লোকজন সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে শত শত ভক্তের উপস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন