কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে আটটি গুলি ও পাঁচ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৮ আগস্ট) সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাহিনীটি। গ্রেপ্তার দুজন হলেন সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তারা দুজনেই কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা।
র্যাব-১৫-এর সিপিসি-২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতঘরের সামনে অবস্থানরত দুই নারীকে আটক করে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সমছিদার পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোঁজা একটি ছোট সাদা কৌটার ভেতর থেকে আটটি গুলি উদ্ধার করে র্যাব। অন্যদিকে লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল পলিথিনের ব্যাগে মোড়ানো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি মুঠোফোনও।
র্যাবের দাবি, গ্রেপ্তার দুজনই মাদক কারবারের সঙ্গে সরাসরি জড়িত। তবে এ বিষয়ে তাদের নিজস্ব বক্তব্য এখনো জানা যায়নি।
উদ্ধার করা গুলি, গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মতামত দিন