চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এলপিজি ও এলএনজিবাহী দুই জাহাজ
দেশের জ্বালানি চাহিদা মেটানো এবং চলমান গ্যাস সংকট মোকাবিলায় ভারত ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে আরও দুটি বড় জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মাসে এলপিজি ও এলএনজি বহনকারী আরও অন্তত চারটি জাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে মালয়েশিয়া থেকে ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামের দুটি এলপিজিবাহী জাহাজ বন্দরের বহির্নোঙরে নোঙর করে।
বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। সেখান থেকে দ্রুত লাইটারেজ জাহাজের মাধ্যমে গ্যাস খালাস শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চলমান আমদানির ধারাবাহিকতায় রোববার যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের একটি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে। একইভাবে সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের আরও একটি এলপিজিবাহী জাহাজ বন্দরে পৌঁছাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ বাংলাদেশে আসবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে