সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী জানান, রাত ১২টার দিকে তাদের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন