বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার দুপুরে তারা রুমার বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান।
সেখানে ছবি তোলার পর দলের আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধ অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যান। সন্ধ্যার দিকে তাদের আর খুঁজে না পেয়ে গাইড বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান।
এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন