Views Bangladesh Logo

মেহেরপুরে দুটি টাইম বোমা বিস্ফোরণ

মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের কাছাকাছি এলাকায় দুটি টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। স্থানীয়দের ধারণা, ঘটনাস্থলে থাকা একটি গাছের মধ্যে টাইম বোমা রাখা হয়েছিল। হঠাৎ বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে এবং পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার তাদের কর্মসূচি ছিল। এ কারণে কয়েকজন নেতাকর্মী নিয়ে তারা বিএনপি কার্যালয়ের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি।

তিনি দাবি করেন, বিএনপির কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে তারা বিএনপি কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে বাইরে গিয়ে দুটি ব্যাটারি পড়ে থাকতে দেখেন। কারা এগুলো সেখানে রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ