Views Bangladesh Logo

মুক্তিপণের পর দেশে ফিরলেন টেকনাফের অপহৃত দুই জেলে

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে অপহৃত দুই বাংলাদেশি জেলে ১৪ দিন পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, অস্ত্রধারীরা তাদের মিয়ানমারের ভেতরে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায় এবং প্রথমে ২০ লাখ টাকা দাবি করলেও শেষে ৫ লাখ টাকা আদায়ের পর ছেড়ে দেয়।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর টহল দল নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের উদ্ধার করে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে, পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আব্দুর রহমান (৪২) ও ফরিদুল আলম (৫৪)। গত ১৩ জুলাই নাফ নদীতে মাছ ধরার সময় সন্ত্রাসীরা তাদের নৌকা আটকে হাত-মুখ বেঁধে সীমান্ত পার করে নিয়ে যায় এবং মাছ, নৌকা ও জালও কেড়ে নেয়।

আব্দুর রহমান জানান, নির্জন এক বাসায় আটকে প্রায় প্রতিদিনই মারধর করা হয়েছে। ফরিদুল আলম বলেন, পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি, ২৭ জুলাই সন্ধ্যায় নাফ নদীর শূন্যরেখায় বাংলাদেশ অংশে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

আব্দুরের ভাই আব্দুর রশিদের দাবি, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজনের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে অপহরণ ও চোরাচালান রোধে টহল আরও জোরদার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, নাফ নদী ও সীমান্ত এলাকায় জেলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার ও বিজিবির টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ