চুরির অভিযোগে দুই কিশোরকে গাছ ও খুঁটিতে বেঁধে নির্যাতন
চুরির অভিযোগে রাজশাহী ও লালমনিরহাটে পৃথক ঘটনায় দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মুঠোফোন ও টাকা চুরির অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিশোরটি চিৎকার করে কাঁদছে। এ সময় নির্যাতনকারীরা তাকে পায়ের নখ কেটে ফেলার হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী কিশোর তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। নির্যাতনে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তার মামা হলেও তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে মসজিদের মাইক চুরির অভিযোগে ১৫ বছর বয়সী আরেক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে দুই হাত বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই কিশোরকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং চড়-থাপ্পড় মারছেন। একপর্যায়ে নির্যাতনের শিকার কিশোর মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
মতামত দিন