উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার দুইজন রিমান্ড শেষে কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানা-পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৮ জুলাই সাবির ও তানিমকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। একই মামলায় গ্রেপ্তার হওয়া আরও চারজন—জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ—রিমান্ড শেষে ৮ জুলাই কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোরে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, সেখানে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছিল। পুলিশ পৌঁছালে তারা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে সমবেত হওয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তার ব্যক্তিরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে আদালতে অভিযোগ এখনো বিচারাধীন।
মতামত দিন