রংপুরে ৪ খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন দুই আসামি
রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার মুগ্ধ দাস ও তাঁর মামাতো ভাই সিদ্ধার্থ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রবিবার (২৩ আগস্ট) রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। এর আগে রাত ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালতে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সি (তদন্ত) নির্মল চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই আসামি ঘটনার সঙ্গে নিজেরা জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে কী বলা হয়েছে, তা জানাতে রাজি হননি ও সি।
এ সময় সাংবাদিকরা জানতে চান—কীভাবে ও কী কারণে একই পরিবারের চারজনকে হত্যা করলো তারা। জবাবে তদন্তকারী কর্মকর্তা নির্মল চন্দ্র জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি, তাঁর স্ত্রী প্রীতিলতা, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মতামত দিন