Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে তিন দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, থানায় জিডি

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)।

আরাফাত সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে ইকরামুল হাসান মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে দুজনই নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সন্তানদের সন্ধান পেতে পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার জানিয়েছে, কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ পুলিশ বা পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্তানদের সন্ধান না পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ