Views Bangladesh Logo

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একটি বিকল বাসকে কেন্দ্র করে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে স্বাভাবিক করা হয়।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা, যিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো ও মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কের ওপর থেমে যায়। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান এবং একটি মোটরসাইকেল গতি কমিয়ে থামে। ঠিক তখনই দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা আবাস সাহা ও সুজয় সাহা গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাদের দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ