Views Bangladesh Logo

এসএসসিতে ফেল, বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার ফল প্রকাশের পর পৃথক ঘটনায় একজন গলায় ফাঁস দিয়ে এবং অন্যজন বিষপানে মারা গেছে বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রাজশাহীর বাগমারায় মারা যাওয়া শিক্ষার্থীর নাম কারিনা পাল (১৬)। সে উপজেলার মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

কারিনার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পড়াশোনায় ভালো ছিল কারিনা। বিদ্যালয়ের পরীক্ষাগুলোতে সাধারণত তার অবস্থান রোল নম্বর দুই বা তিনের মধ্যে থাকত। তবে এবার এসএসসির ফলাফলে পদার্থবিজ্ঞান ও রসায়নে অকৃতকার্য হয় সে।

পুলিশ জানায়, মোবাইল ফোনে নিজের ফলাফল দেখার পর কারিনা ঘরে চলে যায়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কারিনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারা গেছে তরিকা খাতুন ওরফে হালেমা (১৬)। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিসবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। চাকপাড়া আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, এসএসসির ফল প্রকাশের পর তরিকা জানতে পারে ইংরেজি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। পরে জোহরের আজানের পর তাকে বিষপান করা অবস্থায় দেখতে পান তাঁরা।

আশঙ্কাজনক অবস্থায় তরিকাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিনা ইসলাম জানান, বিষপান করা অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ