Views Bangladesh Logo

দুই ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, তিন মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুর মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঝর এলাকায় দুই মাদ্রাসাছাত্রকে মারধরের পর গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থীর বাবা গাছা থানায় পৃথক মামলা করার পর মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসাতু দারুত তাকওয়ার পরিচালক শোয়াইব আহমেদ (২৬) এবং শিক্ষক মো. হাবিবুর রহমান (২৬) ও মো. শাহিন (১৯)।

নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর বয়স ১৩ বছর। তাদের একজন কিশোরগঞ্জের নিকলী এবং অন্যজন শেরপুরের ঝিনাইগাতী এলাকার বাসিন্দা। কাজ ও চাকরির সুবাদে তাদের পরিবার গাজীপুরের ঝাঝর এলাকায় বসবাস করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীই মাদ্রাসাতু দারুত তাকওয়ায় পড়াশোনা করে। তাদের একজন গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসায় গেলে তার বাবা দেখতে পান, সে ঠিকমতো হাঁটতে ও বসতে পারছে না। কারণ জানতে চাইলে ওই শিক্ষার্থী কোমরে ফোঁড়া হয়েছে বলে জানায়।

পরদিন বাবা ফোঁড়ার স্থানে ওষুধ লাগাতে গেলে ছেলে আপত্তি জানায়। পরে জোর করে ওষুধ লাগাতে গিয়ে তিনি কোমরে আগুনে পোড়া জখমের দাগ দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার মাঠে খেলাধুলার সময় এক শিক্ষার্থীর পায়জামা অসাবধানতাবশত খুলে যায়। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শোয়াইব আহমেদ তাকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন। একপর্যায়ে লোহার গরম খুন্তি দিয়ে তার কোমরে ছ্যাঁকা দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অপর মামলার এজাহারে বলা হয়েছে, একই ঘটনায় আরেক শিক্ষার্থীকে একটি কক্ষে আটকে রাখেন শিক্ষক শোয়াইব। তার মুখে স্কচটেপ লাগিয়ে হাত-পা দড়ি দিয়ে বেঁধে পোশাক খুলে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করা হয়। পরে তলপেটে লোহার গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে তাকে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, এক শিক্ষার্থীর বাবার করা মামলায় শিক্ষক শোয়াইবকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীর বাবার করা মামলায় শনিবার হাবিবুর রহমান ও শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রোববার আদালতে পাঠানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ