Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভেসে থাকার পর দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর একদল জেলে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করেছেন। উদ্ধারকারীদের দাবি, তারা টানা ৩৬ দিন সমুদ্রে ভেসে ছিলেন এবং এ সময় কেবল কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন—এস. এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার দেবিনুওয়ারা এলাকার রুরাল হাসপাতাল রোডে।

উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া জেলে জিয়াউর রহমান জানান, বুধবার বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় একটি ভাসমান ফাইবার ট্রলারে তাদের দেখতে পান। পরে তাদের নিজেদের মাছ ধরার ট্রলারে তুলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশখালীতে নিয়ে আসা হয়।

জিয়াউর রহমান বলেন, উদ্ধার হওয়া দুই ব্যক্তি নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন। তারা জানান, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন এবং এরপর ৩৬ দিন ধরে সমুদ্রে ভাসছিলেন।

উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় তারা একটি বড় মাছ ধরে কাঁচা খেয়েই বেঁচে ছিলেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যেও তারা কোনোভাবে জীবন রক্ষা করেন।

জেলেরা আরও জানান, তারা উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ঘটনার বিভিন্ন দিক এখনও যাচাই করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজন শ্রীলঙ্কার নাগরিক এবং তারা বাবা-ছেলে বলে জানিয়েছেন। তবে তারা কীভাবে সমুদ্রে ভেসে পড়লেন, সত্যিই ৩৬ দিন ধরে সমুদ্রে ছিলেন কি না এবং তাদের পরিচয়সহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ