গোপনে ভিডিও ধারণ করায় শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেপ্তার
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কলম্বোর একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিদের গোপনে ভিডিও করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারা হেনপিটা এলাকার একটি হোটেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। সেখানে অবস্থানরত কয়েকজন নারী অভিযোগ করেন যে, জুনিয়র ক্রিকেটাররা হোটেলের বাথরুমের ভেতরে গোপনে তাদের গোসলের দৃশ্য ভিডিও ধারণ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে প্রত্যেকের ৫ লাখ শ্রীলঙ্কান রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত ।
পুলিশ জানিয়েছে, ধারণকৃত ভিডিওগুলো ইন্টারনেটে বা অন্য কোথাও ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৫ মে ধার্য করা হয়েছে।
বর্তমানে এক বড় ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সম্প্রতি বোর্ড সভাপতি শাম্মি সিলভা পদত্যাগ করেছেন এবং সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার নেতৃত্বে নয় সদস্যের একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করা হয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তরুণ ক্রিকেটারদের এই কাণ্ড দেশটির ক্রিকেটের ভাবমূর্তিকে নতুন করে সংকটে ফেলেছে।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে