Views Bangladesh Logo

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাই হওয়া মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এর আগে গত ২৯ আগস্ট সকালে বগুড়া থেকে ঢাকায় পৌঁছে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন। সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এই ঘটনার পরদিন(৩০ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ