Views Bangladesh Logo

আদালত থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ জন

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার শাহনাজ বেগম (৪০) ও তার বোন রুবিনা বেগম (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হয়েছেন নুর আহমদ (৪৫) ও অটোরিকশার চালক আব্দুল মালেক (২৬)।

নিহত শাহনাজের স্বামী মুজিবুর রহমান জানান, একটি মামলার কাজে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। তিনি বলেন, দুই সন্তানকে রেখে স্ত্রী মারা গেছেন, যা তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ