Views Bangladesh Logo

জঙ্গি সংগঠনে সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক ৩ দিনের রিমান্ডে

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই বাংলাদেশিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুজন হলেন সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। পরে বুধবার সিঙ্গাপুর পুলিশ তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিঙ্গাপুরে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, ইলেকট্রনিক মাধ্যমে কোনো উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছেন কিনা, অর্থায়নের উৎস এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা, তা জানতে রিমান্ড প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং কীভাবে তারা এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন, তা উদঘাটনে রিমান্ডে জিজ্ঞাসাবাদ জরুরি। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি রক্ষার স্বার্থেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানির সময় বিচারক রিশাদ তায়ানীর কাছে সিঙ্গাপুরে আটকের কারণ জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে ‘ফারাবী’ নামে এক ব্যক্তিকে নিয়ে পোস্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ