Views Bangladesh Logo

চকরিয়ায় বসতবাড়ির ওপর পাহাড়ধস, ভাই-বোন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা নামক পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—মোহছেনিয়াকাটা গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে ও বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী রুমি আক্তার (১৫) এবং একই গ্রামের আবদুল মজিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তৌসিফ (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে ভোররাতে পাহাড়ের একটি বিশাল অংশ নিচে থাকা একটি বসতবাড়ির ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা রুমি ও তৌসিফ মাটির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ‘একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড়ধসের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুইদিন ধরে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই চরম বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পাহাড়ধসে দুটি শিশুর এমন অকাল ও নির্মম মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ