Views Bangladesh Logo

পাবনায় আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা

পাবনার সদর উপজেলায় পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে ঢুকে আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন হাটটির ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন হোসেন (৫০)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম ও রিপন হোসেন কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ওলামা লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি শ্রমিক লীগের নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

অন্যদিকে, মো. রিপন হোসেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি ছিলেন।

পাবনা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল সমকালকে বলেন, রিপন শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি ছিলেন। নিহত সালাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার।

আরেকটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও নিহত সালাম ও রিপন পুষ্পপাড়া হাটের ইজারাদার হিসেবে অংশীদার ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ