Views Bangladesh Logo

৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল দুই জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেলবাহী দুটি জাহাজ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল থেকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালের মধ্যে জাহাজ দুটি বন্দরে নোঙর করে। এছাড়া আজ বিকেলের মধ্যেই জেট ফুয়েলবাহী আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি জাহাজে মোট ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল এসেছে। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে তাইওয়ান থেকে আসা পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ‘এমটি কোয়েটা’ ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছায়। শুক্রবার ভোরে দুবাই থেকে ৩৫ হাজার ৫০ টন ডিজেল নিয়ে আসে পানামার পতাকাবাহী ‘এমভি প্রাইম এঞ্জেল’।

এদিকে, দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ‘সিং টং ৭৯৯’ নামক আরও একটি জাহাজ আজ বিকেলে জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি খাতের কর্মকর্তাদের মতে, এই নতুন চালানের ডিজেল দিয়ে দেশের অন্তত ৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। দেশে বর্তমানে দৈনিক ডিজেলের চাহিদা গড়ে ১২ হাজার ৫০০ টন। অন্যদিকে, আসন্ন চালানের জেট ফুয়েল দিয়ে প্রায় দুই সপ্তাহ চলা যাবে, যার দৈনিক চাহিদা প্রায় ২ হাজার ৫০০ টন।

জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, প্রথম জাহাজটি থেকে লাইটারিংয়ের মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। দ্বিতীয় জাহাজটি থেকেও তেল খালাসের প্রস্তুতি চলছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বহির্নোঙরে আরও চারটি জ্বালানি তেলবাহী জাহাজ অপেক্ষায় রয়েছে। তবে জাহাজের আকার বড় হওয়া এবং জেটির সীমাবদ্ধতার কারণে সরাসরি ডকিং সম্ভব হচ্ছে না। ফলে কুতুবদিয়া অ্যাঙ্কর পয়েন্টে লাইটারিং বা খালাস কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে।

বন্দর সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে গত ৫৩ দিনে চট্টগ্রাম বন্দরে মোট ২৬টি জ্বালানি তেলবাহী জাহাজ এসেছে। এসব জাহাজে সর্বমোট ৮ লাখ ২৩ হাজার ১৭০ টন পেট্রোলিয়াম পণ্য আমদানি করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত তেল খালাসের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ