পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেফতার দুই কর্মকর্তা হলেন ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের মো. রাকিবুল হাসান। তাঁদের মধ্যে আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অন্যদিকে রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
ডিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাঁকে গাজীপুর থেকে আটক করা হয়। অপর কর্মকর্তা রাকিবুল হাসান নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে।
দুই কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলায় গ্রেফতারের জন্য রিকুইজিশন ছিল। আটকের পর তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, রাকিবুল হাসানকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ডিবি। ওই ঘটনার ধারাবাহিকতায় এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হলো।
মতামত দিন