Views Bangladesh Logo

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলো সুবর্ণা আক্তার ও মার্জিয়া আক্তার মীম। দুজনই দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তীব্র গরমের মধ্যে কয়েকজন বান্ধবীর সঙ্গে সুবর্ণা ও মীম নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়।

নিহত সুবর্ণা খোজেখানী গ্রামের শ্যামল মোড়লের মেয়ে এবং মীম একই গ্রামের মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার পর অন্য সহপাঠীরা বিষয়টি পরিবারকে জানালে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সুবর্ণার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে মীমের মরদেহ উদ্ধার করে।

সুবর্ণার চাচা আকরাম হোসেন জানান, সুবর্ণা ও মীম কেউই সাঁতার জানত না। এশার নামাজের পর জানাজা শেষে সুবর্ণাকে দাফন করা হয়।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, স্থানীয়রা প্রথমে একজনের মরদেহ উদ্ধার করে। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে মীমের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ